কিশোরগঞ্জে ৬৬ পিস ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

কিশোরগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে মো. জীবন (৩০) নামে এক কালোবাজারিকে ৬৬টি আসনের আগাম টিকিটসহ আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এর নেতৃত্বে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। টিকিট কালোবাজারি মো. জীবন জেলার কটিয়াদী উপজেলার মানিকখালীর মীর জাহান উদ্দিনের ছেলে।
র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, একটি কালোবাজারি চক্র কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ করার মাধ্যমে টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে ও পরবর্তিতে যাত্রীদের মাঝে বেশি দামে বিক্রয় করে আসছে।
র‌্যাবের গোয়েন্দা নজরদারিতেও এ তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে।

অভিযানে টিকিট কালোবাজারি মো. জীবনকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকা কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং কিশোরগঞ্জ টু ঢাকা এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ৬৬টি আসনের আগাম টিকিট, একটি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রেলের টিকিট কালোবাজারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান এ ব্যাপারে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।