প্রিন্ট এর তারিখঃ মার্চ ২, ২০২৬, ৭:০২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৩, ১১:৩২ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ভাইবোনসহ ৭ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার:কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক রিটন হত্যা মামলায় চার ভাইবোনসহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ আদেশ দেন। এ সময় মামলার ১ নম্বর আসামি নজরুল বাদে অন্য ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত মতিউর রহমানের চার ছেলে নজরুল (৪৫), খোকন (৪৭), সাত্তার (৪২), বকুল (৪৪) ও মেয়ে চম্পা আক্তার (৪২), নজরুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (৩২) এবং একই ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের মকু মিয়ার ছেলে মো. সৈয়দ (৫৭)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট দিলিপ কুমার ঘোষ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে বাড়ির সীমনায় গাছ কাটা নিয়ে ২০১৬ সালের ২৩ নভেম্বর ভাইবোনদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রিটন মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। একইদিন নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে সাতজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেন।
২০১৭ সালের ১৯ অক্টোবর মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সারোয়ার জাহান আদালতে চার্জশিট দাখিল করেন।
Copyright © 2026 Pratidin Sangbad. All rights reserved.