
কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় কিশোরগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড. এস.এম ফরহাদ হোসেনও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা পরিষদ, জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কিশোরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
এরপরই শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শোভাযাত্রা নিয়ে শহীদ বেদীতে ফুল দিতে শহীদ মিনারের সামনে অবস্থান করেন।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। শহীদ মিনার ও এর আশপাশে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ মোতায়েন করা হয়। শহরের বিভিন্ন স্থানে নেয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।