মহিনন্দে কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কার্যক্রম এগিয়ে চলছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । এরই ধারাবাহিকতায় কৃষি বিভাগের মাধ্যমে কিশোরগঞ্জেও চলছে এই জরিপ কাজ।
বুধবার কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর জরিপ কাজ শুরু করে সদর উপজেলা কৃষি বিভাগ। মহিনন্দ ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ নাছিরুজ্জামান সুমন ও সাবিহা সুলতানার সমন্বয় ১৫ সদস্যর একটি জরিপদল এ কাজ পরিচালনা করছেন। মহিনন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর গোয়ালাপাড়া গ্রামে অবস্থিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার আংগিনায় জরিপ কাজের পরিদর্শক করেন মহিনন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একে ফজলুল কবীর,যুগ্ন সম্পাদক ফারুক আজিজ, ৩নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদী, জাসাসের আহবায়ক শাহ আলম ও ইউপি সদস্য কামাল উদ্দিন প্রমুখ।
জরিপ কাজের তথ্য সংগ্রহকারী উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, এর আগে ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড এর জরিপ কাজ সম্পন্ন করেছেন। আজ থেকে ৩নং ওয়ার্ড এর কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যন্য ওয়ার্ড এর জরিপ কাজও পরিচালনা করা হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কৃষকদের একটি নির্ভুল ও সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হলে সরকারের প্রতিশ্রুত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের পথ আরও সহজ হবে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্তকরণ, কৃষি প্রণোদনা, ভর্তুকি, ঋণ সুবিধা এবং অন্যান্য সরকারি সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।