
স্টাফ রিপোর্টার: ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনি শিক্ষার্থী ও আলেম-উলামাদের অবদান বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে বুধবার (৫ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিক। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো: শফিকুল আলম সারওয়ার এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ড. মো. কামরুল হাসান।
এতে ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার হাফেজ মাও. মাসুম বিল্লাহ, সাধারণ কেয়ারটেকার মাও. সাদেকুজ্জামান, হাফেজ মাও. হুমায়ুন কবির, মাও. মাহতাব উদ্দিন, মাও. আব্বাস আলী, বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাও. ইমরুল হাসান, সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী প্রমুখসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এছাড়া জুলাই আন্দোলনে দ্বীনি শিক্ষার্থী ও আলেম-উলামাদের ভূমিকাকে অবিস্মরণীয় আখ্যা দিয়ে তাদের অবদান স্মরণ করেন।
এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাও. ওমর ফারুক।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া শহীদদের স্মরণে খতমে কুরআনের আয়োজন করা হয়।
