কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। এ দুর্ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন আহত হয়েছেন। এর মধ্যে মেয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বুধবার (১৯ আগস্ট) বিকেলের দিকে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন পাকুন্দিয়া উপজেলার কাগারচর গ্রামের নুরু মিয়া (৬০) ও তার স্ত্রী আনোয়ারা (৫৮)। আহতরা হলেন নিহত দম্পতির মেয়ে মারজিয়া খাতুন, জাহাঙ্গীর ও মাহিম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কিশোরগঞ্জ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাকুন্দিয়ার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই নুরু মিয়া ও তার স্ত্রী মারা যান।
স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এ বিষয়ে পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার পর মাছবাহী ট্রাকটি পালিয়ে গেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের কর্মকর্তা।