
স্টাফ রিপোর্টার : উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩৭তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার শহরের ময়মনসিংহ রোডস্থ গাইটাল এলাকায় অবস্থিত ‘অতিথি কমিউনিটি সেন্টার’-এ এ সভা অনুষ্ঠিত হয়।
বিদায়ী সভাপতি এ.কে.এম মুজিবুর রহমান (বেলাল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এড. মোঃ জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল।
বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাজহারুল ইসলাম এবং এড. মোঃ জালাল উদ্দিন স্থানীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তারা নারী উদ্যোক্তাদের অগ্রগতি আরও বেগবান করতে এবং তাদের সার্বিক সুবিধা ও সহযোগিতা নিশ্চিত করতে চেম্বারের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, “কিশোরগঞ্জের অর্থনৈতিক চাকা সচল রাখতে নারী উদ্যোক্তারা অনন্য ভূমিকা পালন করছেন, তাই তাদের যেকোনো প্রয়োজনে চেম্বারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে সংগঠনের সফল কার্যক্রম ও অবদানের স্বীকৃতিস্বরূপ বিদায়ী এবং নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচালকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বার্ষিক সাধারণ সভার শেষভাগে নবগঠিত পরিচালনা পর্ষদের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। নবগঠিত কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লায়ন আবু বকর সিদ্দিক। এ সময় আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে চেম্বারের বিদায়ী ও নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।
