স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন করে বিভিন্ন নামিদামি কোম্পানির নামে বাজারজাত করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার নিয়ামতপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের বাজার তদারকিমূলক অভিযানে এসব জরিমানা করা হয়।
এর মধ্যে নকল ভূষি উৎপাদন করে বিভিন্ন নামিদামি কোম্পানির নামে বাজারজাত করার অপরাধে মেসার্স ইভা এন্ড স্নিগ্ধা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে তাইয়্যেবা সুইটসকে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে মেসার্স সাফায়াত এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় জেলা বীজ প্রত্যয়ন অফিসার তানজীনা বেবী ও জেলা পুলিশের একটি টিম তাকে সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তদারকিমূলক অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা ছাড়াও জনস্বার্থে ব্যবসায়ীদের ন্যায্য দামে পণ্য বিক্রয় করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয় না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা ইত্যাদি বিষয়ে অনুরোধ জানানো হয়।