নিজস্ব সংবাদাতা, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ১৮ থেকে ৩৫ বছরের বেকার তরুণ-তরুণীদের কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্ন-প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ নভেম্বর) রবিবার দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ব্র্যাক এর সহযোগী প্রতিষ্ঠান ফ্যামিলি টাইস ফর উইমেন ডেভেলপমেন্ট এই সভার আয়োজন করে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইশতিয়াক ইমন।
ফ্যামিলি টাইস ফর উইমেন ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাফিজ আদনানের সভাপতিত্বে সভায় প্রকল্প কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা ম্যানেজার শরীফ আহমেদ।
সভায় আর্ন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অংশীজনদের সম্মিলিত সহযোগিতা, সমন্বয় ও অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।
বক্তারা মনে করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার বেকার যুবক ও যুব নারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে গুরুত্বারোপ করেন।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমাধ্যমকর্মী এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: যুব উন্নয়ন অধিদপ্তর ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট প্রকল্পটি জেলার ৭টি উপজেলা যথাক্রমে কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়ায়, কটিয়াদী, বাজিতপুর, অষ্টগ্রাম, নিকলী ও করিমগঞ্জ উপজেলায় বেকার যুবদের দক্ষতা উন্নয়ন ও শোভন কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবে।