তাড়াইল প্রশাসনের সঙ্গে মতবিনিময় বৃক্ষরোপণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ড. এম ওসমান ফারুক

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের করিমগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. ওসমান ফারুক তাড়াইল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সাবেক সভাপতি ছাইদু জামান মোস্তুফা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহারিয়ার খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, সমস্যা, চ্যালেঞ্জ ও উন্নয়ন-সংক্রান্ত বিষয়গুলো সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। এ সময় ড. ওসমান ফারুক সংশ্লিষ্ট সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভা শেষে তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে গাছের চারা রোপণ করেন।

পরে ২০২৬ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।