কিশোরগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

 

স্টাফ রিপোর্টার :

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রবীণ হিতৈষী সংঘ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ (অব.) ডা. মো. আতিকুল সারোয়ারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঈনুর রহমান মনি এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। জীবনের দীর্ঘ সময়ে তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাই তাদের বার্ধক্যকালীন জীবন নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

বক্তারা আরও বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে সেবা নিতে গিয়ে প্রবীণদের যেন হয়রানি বা অবহেলার শিকার হতে না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে গ্রামের প্রবীণ নাগরিকদের অনেক সময় নানা ধরনের অবহেলার মুখে পড়তে হয়। ব্যাংকে সেবা নিতে গিয়ে তাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। গণপরিবহনে প্রবীণদের জন্য নির্দিষ্ট আসন নিশ্চিত করার পাশাপাশি বাসের সামনের দিকে কয়েকটি আসন সংরক্ষণের দাবিও জানান বক্তারা।

প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, পারিবারিক সহায়তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। দীর্ঘায়ুর এই সময়ে প্রবীণদের প্রয়োজন অনুযায়ী বিদ্যমান সামাজিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলোকে আরও কার্যকর করার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ‘প্রবীণদের সম্মান ও যথাযথ মূল্যায়ন করতে হবে। আজকের সভায় প্রবীণরা যেসব সমস্যা ও দাবির কথা তুলে ধরেছেন, সেগুলো আমি নোট করে নিয়েছি। ব্যাংকে প্রবীণদের যেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। একই সঙ্গে বাস মালিক সমিতির সঙ্গেও কথা বলব, যাতে গণপরিবহনে প্রবীণরা অগ্রাধিকার ও প্রয়োজনীয় সেবা পান।

তিনি বলেন, ‘আমি আমার বাবাকে হারিয়েছি-মা এবং শ্বশুর-শাশুড়ির মতোই আপনাদের শ্রদ্ধা করি। কোনো প্রবীণ মা-বাবার সন্তান যদি তাদের ভরণপোষণ না করেন, তাহলে আপনারা আমার কাছে আসবেন। বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখব। প্রয়োজন হলে সরকারি ব্যবস্থাপনায় তাদের আর্থিক সহায়তারও উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মো: ইশতিয়াক ইমন, সহকারী সার্জন ডা. পল্লব কুমার দেবনাথ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, প্রবীণ হিতৈষী সংঘ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফিরোজ উদ্দীন ভুঁইয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯১ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। সাধারণভাবে ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের প্রবীণ বা জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বিবেচনা করা হয়।

প্রবীণ নাগরিকদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং বার্ধক্যজনিত সমস্যা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাই দিবসটির অন্যতম উদ্দেশ্য।

কিশোরগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখা ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রবীণদের কল্যাণে চিকিৎসাসেবা, বিনোদনমূলক কার্যক্রম, সচেতনতামূলক কর্মসূচি ও প্রবীণ দিবস উদযাপনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।