হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

সাফায়েত নূরুলঃ কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে আকাশ (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সে মাদারীপুর জেলার কালকিনি থানার রাজদী গ্রামের রেজাউল করিমের ছেলে।

এ সময় হাওরের পানিতে তলিয়ে যাওয়া তুহিন (২৫) ও হাসিব (২৬) নামে দুই পর্যটককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের দল।

জানা যায়, শুক্রবার সকালে নিহত আকাশ (২৬), তুহিন (২৫), হাসিব (২২), তিন বন্ধু মিলে ঢাকা থেকে নিকলী হাওরে কুর্শা তিন রাস্তার মোড়ে সিড়ির ঘাটে আসেন। এখানে তিন বন্ধু মিলে হাওরের জলকৈলিতে মেতেছিলেন। হঠাৎ গভীর জলে পা পিছলে গেলে তিন বন্ধু ডুবে যান।

ঘটনা দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা মুমূর্ষ অবস্থায় তুহিন ও হাসিবকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

অপর বন্ধু আকাশ নিখোঁজ থাকায় স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিট এসে তাকে হাওরের পানির নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ সুরতহাল সম্পন্ন করেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী আরিফ জানান, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।