পাকুন্দিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

তাসলিমা আক্তার মিতু :কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আসাদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে পার্শ্ববর্তী হোসেনপুর-গফরগাঁও সড়কের পাঁচভাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসাদুল ইসলাম (৩৪) উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের আবদুল মান্নানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে গত ১২ জুন পৃথক দুটি অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলায় পৃথক দুটি সাজার রায় দেন আদালত।একটি মামলায় ছয় মাসের কারাদণ্ড ও ৯ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং অপর একটি মামলায় এক বছরের কারাদণ্ড ও ৭ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।আদালত কর্তৃক সাজা হওয়ার পর থেকে আসাদুল ইসলাম পলাতক ছিলেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাসের তত্ত্বাবধানে এবং পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পার্শ্ববর্তী উপজেলার হোসেনপুর পাঁচভাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।