
কিশোরগঞ্জ প্রতিনিধি : শখ করে বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ইয়াছিন মিয়া (১৮)। কিন্তু সেই শখই যে তার জীবনের শেষ যাত্রা হবে, তা কে জানত কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে ইয়াছিন নামে ওই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন একই ইউনিয়নের ইন্দাইল চারিপাড়া গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের মোটরসাইকেল না থাকায় বন্ধুর বাইকটি নিয়ে পুলেরঘাট বাজারের উদ্দেশ্যে রওনা হন ইয়াছিন। পথিমধ্যে গাংকুলপাড়া এলাকায় পৌঁছালে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
