
কিশোরগঞ্জ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও মশক নিধনে অভিযান চালিয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান।
কর্মসূচির শুরুতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ক্যাম্পাসের কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
উপাচার্য বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম শফিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আব্দুস সালাম আকন্দ। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিক উল্লাহ, বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার এবং জমে থাকা পানি অপসারণ করা হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। ফগার মেশিনের মাধ্যমে ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন স্থানে মশক নিধনের ওষুধও ছিটানো হয়।
কর্মসূচি শুরুর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মাশরাফি মর্তুজা ও সাধারণ সম্পাদক জাহিদুল আবেদীন নাফছি শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
