কিশোরগঞ্জে “নিরাপদ সড়ক চাই” র রোড ক্যাম্পেইন পথসভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশে’ এই স্লোগানকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিসব উপলক্ষে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসাবে কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন, পথসভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) শহরের গৌরাঙ্গবাজার মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা পথচারী, চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দীন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল বাহার বুলবুল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হাবিবুল্লা বাহার রানা,যুব বিষয়ক সম্পাদক মে. রোবেল মিয়া, মো. শাহ আলমসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিতে গাড়ি চালানো, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং পথচারীদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, পথচারী, যাত্রী ও সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, জনসচেতনতা তৈরির পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকা প্রয়োজন। দুর্ঘটনামুক্ত সড়ক গড়তে ‘নিরাপদ সড়ক চাই’ ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবে।