কিশোরগঞ্জে ভোজ্যতেল অনিরাপদ ড্রাম বাতিলের আহ্বান

স্টাফ রিপোর্টার : ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত অনিরাপদ ড্রাম পর্যায়ক্রমে বাতিলের লক্ষ্যে কিশোরগঞ্জে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অনিরাপদ ড্রাম পর্যায়ক্রমে বাতিল করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকার রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান ও অধ্যাপক প্রফেসর ডা. সোহেল রেজা চৌধুরী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কনসালটেন্ট মুশতাক হাসান মোহাম্মদ ইফতিখার এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রজেক্ট অফিসার ডা. মাশুক শাহরিয়ার শুভ,কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলম সারোয়ার টিটু,সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রনি, এডভোকেট মায়া ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাসির উদ্দিন ফারুকী, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুসহ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অল্প কিছু টাকা সাশ্রয়ের জন্য অনেকেই বাজার থেকে খোলা ভোজ্যতেল কিনে ব্যবহার করেন। কিন্তু খোলা তেল সংরক্ষণ ও বিক্রিতে ব্যবহৃত অনিরাপদ ড্রাম সম্পর্কে ভোক্তাদের অনেকেই সচেতন নন। অনিরাপদভাবে সংরক্ষিত ও বিক্রি করা তেল দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এমনকি বিভিন্ন গুরুতর রোগের ঝুঁকিও বাড়তে পারে বলে তারা সতর্ক করেন।

তারা আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খোলা তেল কেনার ক্ষেত্রে ভোক্তাদের সতর্ক হতে হবে। একই সঙ্গে ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে প্রশাসন, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।