ভৈরবে নিসচার মাসব্যাপী কর্মসূচির সমাপনীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • মোঃ আলাল উদ্দিন, ভৈরব প্রতিনিধি। “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ভৈরব ফুড প্যালেস রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
  • নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মোঃ আলাল উদ্দিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসব্যাপী কর্মসূচির আহ্বায়ক ও শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ।
  • বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান, ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মোঃ মুজিবুর রহমান, ভৈরব মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হক, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেলুর রহমান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আসাদুজ্জামান ফারুক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিসচা ভৈরব শাখার সহ-সভাপতি আলহাজ্ব আল মামুন এবং ভৈরব বইমেলা পরিষদের সভাপতি ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা। এ সময় বক্তব্য রাখেন নিসচা ভৈরব শাখার সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, সাবিনা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন ও শ্রেষ্ঠ শিক্ষিকা খালেদা বেগম।
  • অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিসচার কার্যকরী সদস্য মোঃ এনামুল হক। আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, চালকদের দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় নিসচার দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন। আলোচনা সভা শেষে নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা, নিসচা ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলামের দ্রুত সুস্থতা এবং মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন নিসচা ভৈরব শাখার অর্থ সম্পাদক মোঃ জাকির হোসাইন বিএসসি।
  • মাসব্যাপী নানা কর্মসূচি পালন উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গত ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নিসচা ভৈরব শাখা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম, পরিবহনচালকদের প্রশিক্ষণ, বৃক্ষরোপণ, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা, র‍্যালি, পুরস্কার বিতরণ, রোড ক্যাম্পেইন এবং লিফলেট বিতরণ।
  • মাসব্যাপী এসব কর্মসূচিতে সরকারের প্রতিমন্ত্রী শরীফুল আলম, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, বিআরটিএর পরিচালক, নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অতিথি হিসেবে অংশ নেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠার প্রত্যয়ে মাসব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে নিসচা ভৈরব শাখা তাদের কার্যক্রমের সমাপ্তি টানে।