
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মঞ্জিল মিয়া (৬৫), তার দুই ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), শহিদ (৫৫), মাহবুব (৩৫), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)।
মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশী কলি আক্তারের সঙ্গে জ্যোৎস্না বেগমের বিরোধ হয়। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আসামিরা তাকে লোহার রড,লাঠি ও কাঠের বর্গা দিয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
