নিসচা ভৈরব শাখার ৮৩ সদস্যের মাঝে পরিচয়পত্র বিতরণ,নিরাপদ সড়ক নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার ২০২৬–২০২৭ মেয়াদের ৮৩ জন কার্যকরী ও সাধারণ সদস্যের মাঝে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ ও এক আলোচনা সভা রবিবার (১৯ জুলাই) বিকেল ৪টায় ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি ও ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। সার্বিক পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি ও নিসচার উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম এবং ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মোঃ শাহীন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিসচা ভৈরব শাখার অর্থ সম্পাদক মোঃ জাকির হোসাইন (বিএসসি)।
আলোচনা সভায় ভৈরবের সড়ক ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বক্তব্য রাখেন নিসচার সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি এবং কার্যকরী সদস্য তাসলিমা খাতুন লিছা।
বক্তারা বলেন, ভৈরব দেশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র। প্রতিদিন হাজার হাজার যানবাহন এ সড়ক ব্যবহার করে। কিন্তু দুর্জয় চত্বর ও এর আশপাশে অবৈধভাবে যাত্রী ওঠানামা, নির্ধারিত স্ট্যান্ডের অভাব, বিশেষ করে তিনচাকার যানবাহনের বিশৃঙ্খল চলাচল এবং ট্রাফিক নিয়ম অমান্যের কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা নিরসনে প্রশাসন, নিসচা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় কয়েকজন বক্তা পৌরসভার বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার বিষয় তুলে ধরে জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তাঁরা বলেন, নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব সড়কব্যবস্থা গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ২০২৬–২০২৭ মেয়াদের নিসচা ভৈরব শাখার ৮৩ জন সদস্যের হাতে পরিচয়পত্র তুলে দেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।