কিশোরগঞ্জে ভয়াবহ যানজট নিরসনে বাপা’র মানববন্ধন ও পথসভা

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ শহরের ভয়াবহ যানজট নিরসন, জনদুর্ভোগ লাঘব এবং সুশৃঙ্খল শহর পরিবেশ গড়ে তোলার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা),বাংলাদেশ মহিলা পরিষদ ও নিরাপদ সড়ক চাই, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় আখড়া বাজার ব্রীজ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট হামিদা বেগম, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জুয়েল।

এ সময় প্রবীন হৈতেষী সংঙ্ঘ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ (অবঃ) ডা. আতিকুল সারোয়ার, বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মায়া ভুমিক,সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, নিরাপদ সড়ক চাই, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, বাপার কোষাধক্ষ্য মো. লুৎফুল কবীর, শিল্পী আবুল হাসেম, মো. রুহুল আমিন, কামরুন্নাহার,বিলকিছ বেগম রুজী,মনিকা দাস,এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কিশোরগঞ্জ শহরে দিন দিন যানজট ভয়াবহ আকার ধারণ করছে। অপরিকল্পিত যানবাহন চলাচল, যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল, অবৈধ স্ট্যান্ড এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ ও পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা আরও বলেন, যানজট শুধু মানুষের সময় নষ্ট করছে না, বরং শহরের পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলছে। এ অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।
পথসভায় বক্তারা কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ, ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ অটোরিকশা ও যানবাহন স্ট্যান্ড উচ্ছেদ, শহরের গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং পরিকল্পিত শহর পরিবহন ব্যবস্থা গড়ে তোলা।
বক্তারা আরো বলেন, প্রশাসন, পৌরসভা, ট্রাফিক বিভাগ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া কিশোরগঞ্জ শহরকে যানজটমুক্ত ও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব নয়।
মানববন্ধন ও পথসভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ মহিলা পরিষদ ও নিরাপদ সড়ক চাই, কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, পরিবেশকর্মী, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।