করিমগঞ্জে বসতবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও আগুন

করিমগঞ্জ প্রতিনিধি: পুর্বশক্রতার জের ধরে বসত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার দেহুন্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভাটিয়া নদীর পুর্বপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ৯৯৯ এ কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাটিয়া নদীর পুর্বপাড়ের আব্দুস ছালামের ছেলে মো: ইয়াছিন জানান, পুর্বশক্রতার জের ধরে রাত ১০ টার দিগে একই এলাকার আদিলুজ্জামানের ছেলে মোশাররফ, সামছুজ্জামানের ছেলে নূর মোহাম্মদ ও পার্শ্ববর্তী আব্দুল মালেক সহ ৭/৮ জন লোক ১০ টার দিকে সশস্ত্র অবস্থায় তাদের বাড়িতে গিয়ে হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে। পরে রাত দেড়টার দিকে তারা বসতবাড়ির পূর্বভিটের বাংলো ঘরে থাকা লোককে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্রদিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তছনছ করে। ঘরে প্রবেশ করতে না পেরে এ ঘরে অগ্নিসংযোগ করে। মুহুর্তেই আগুন দাউদাউ করে অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাংলো ঘর, গোয়াল ঘর ও রান্নাঘর পুড়ে যায়। হামলাকারীরা গোয়াল ঘরে থাকা ২ লক্ষাধিক টাকা মূল্যের একটি বিদেশি গাভী নিয়ে যায়।

উপ পুলিশ পরিদর্শক (এসাই) মোস্তাক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। পুর্বশক্রতার জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।